ইটিভির কুরআনিক জিনিয়াসে দেশসেরা ইবির দুই শিক্ষার্থী, হলেন চ্যাম্পিয়ন ও রানারআপ

‎ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০০, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎দেশের প্রথম কুরআনভিত্তিক মেগা রিয়েলিটি শো ‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হুসাইন সারজিল। একই প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন একই বিভাগের মাস্টার্স (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রফেসর মোখতার আহমেদের গ্রন্থনা ও উপস্থাপনায় কুরআনের জ্ঞানভিত্তিক এই ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শোটি একুশে টেলিভিশনে (ইটিভি) পবিত্র রমাদান মাসজুড়ে প্রতিদিন রাত ১০টায় প্রচারিত হয়েছে।

‎জানা যায়, সারা দেশ থেকে অফলাইন ও অনলাইনের মাধ্যমে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে বাছাই শেষে টেলিভিশন রাউন্ডের জন্য ৩০ জন প্রতিযোগী নির্বাচিত হন। ছয়টি প্রতিযোগিতামূলক রাউন্ড শেষে গ্র্যান্ড ফিনালে পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে চূড়ান্তভাবে বিজয়ীদের নির্ধারণ করা হয়।

‎প্রতিযোগিতায় প্রথম তিনজনের জন্য পবিত্র বায়তুল্লাহে উমরাহ পালনের সুযোগসহ যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা প্রাইজমানি নির্ধারিত ছিল। চ্যাম্পিয়ন হিসেবে আবুল হুসাইন সারজিল অর্জন করেন ৩ লক্ষ টাকা ও উমরাহর সুযোগ, আর রানার আপ আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া পান ২ লক্ষ টাকা ও উমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় রানার আপ হন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসনুন তাহসিফ।

‎প্রতিযোগিতায় কুরআনের বিভিন্ন বিষয়ভিত্তিক সেগমেন্টে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়। এর মধ্যে ছিল, শানে নুযুল, কুরআনের ঘটনা, তাদাব্বুরে কুরআন, কুরআনের শপথ ও উপমা এবং কুরআনের দোয়া।

‎রানার আপ আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি এই সাফল্য অর্জন করেছি। প্রতিযোগিতার জন্য আলাদা কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি; পূর্বের পড়াশোনার ভিত্তিতেই অংশগ্রহণ করেছি। বিশেষভাবে দোয়া করেছি যেন আল্লাহ আমাকে উমরাহ বিজয়ীদের অন্তর্ভুক্ত করেন, আলহামদুলিল্লাহ তিনি তা কবুল করেছেন।”

‎চ্যাম্পিয়ন আবুল হুসাইন সারজিল বলেন, এই অর্জন ভাষায় প্রকাশ করা কঠিন। কুরআনের সাথে দীর্ঘ সময় কাটানো, পরিশ্রম, দোয়া ও নিরলস প্রচেষ্টার এক অপূর্ব প্রতিদান তিনি পেয়েছেন বলে অনুভব করেন।

‎তিনি আরও বলেন, এই সাফল্য শুধু তার ব্যক্তিগত নয়; বরং শিক্ষক, পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সহযাত্রীদের দোয়া ও ভালোবাসার সম্মিলিত ফল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়