পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সমর্থন জানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৮, বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠককে স্বাগত জানিয়েছে চীন। বেইজিং বলেছে, উত্তেজনা কমানো ও শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগকে তারা সমর্থন করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রলিন জিয়ান বুধবার (২৫ মার্চ) বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা।’

তিনি আরও বলেন, ‘উত্তেজনা কমানো, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সংলাপ পুনরুদ্ধারে সহায়ক—এমন সব প্রচেষ্টাকে চীন সমর্থন করে।’

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন করতে প্রস্তুতির কথা জানান। তার এই প্রস্তাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে একটি শান্তি পরিকল্পনা দেওয়ার খবর প্রসঙ্গে লিন জিয়ান বলেন, সংলাপ ও আলোচনা এগিয়ে যাওয়ার একমাত্র কার্যকর পথ।

হরমুজ প্রণালী নিয়ে প্রশ্নে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথ নিরাপদ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার স্বার্থে।

চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি, যাতে পরিস্থিতির আরও অবনতি ও উত্তেজনা বৃদ্ধি ঠেকানো যায়। তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলছে।

এদিকে বেইজিংভিত্তিক এক গণমাধ্যম জানিয়েছে, ইরানের জলসীমায় নতুন একটি নিরাপদ নৌপথ ব্যবহার করে প্রথমবারের মতো একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজ সফলভাবে চলাচল করেছে। ১৩ মার্চ লারাক ও কেশম দ্বীপের মাঝামাঝি এই পথ চালু করা হয়, যা হরমুজ প্রণালীর মূল রুট এড়িয়ে চলে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়