বিদায়-অভ্যর্থনায় সিআইডি: দায়িত্ব নিলেন মোসলেহ্ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন
রাজধানীতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
বুধবার (২৫ মার্চ) সিআইডি সদর দপ্তরে আয়োজিত বিদায়ি সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সদ্যবিদায়ি সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-কে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানের সাফল্য কোনো একক ব্যক্তির ওপর নির্ভর করে না; বরং সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। তাই প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
বিদায়ি বক্তব্যে মো. ছিবগাত উল্লাহ বলেন, সিআইডি একটি পরিবার হিসেবে কাজ করে আসছে, যেখানে সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে মানিলন্ডারিং ও আর্থিক অপরাধ সংক্রান্ত জটিল মামলাগুলো সফলভাবে মোকাবেলা করে সিআইডি একটি সুসংগঠিত অবস্থানে পৌঁছেছে।
অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মোসলেহ্ উদ্দিন আহমদ। তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন তিনি। সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
এদিকে, তার এ নিয়োগে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সম্প্রচারিত বাংলা টিভি চ্যানেল বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাপ্তাহিক কনজুমার ভয়েজের সম্পাদক রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক। তিনি এক শুভেচ্ছা বার্তায় মোসলেহ্ উদ্দিন আহমদের সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে সিআইডি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।