ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কলমাকান্দায় প্রতি শনিবার সমন্বিত অভিযান
মোঃ রিপন মিয়া স্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন আয়োজনে কলমাকান্দায় প্রতি শনিবার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানের মূল উদ্দেশ্য হলো জনবসতিপূর্ণ এলাকা, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজনন রোধ করা।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। এই অভিযানের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। স্থানীয় জনগণও অংশগ্রহণ করলে ফলাফল আরও কার্যকর হবে।"
উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তারা সবাই অভিযানকে ইতিবাচক ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি সদস্যের সম্মিলিত দায়িত্ব। তাই সকলকে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতার কাজে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।