ইবির সকল হলে ইফতার আয়োজন, রিডিং রুমে কুরআন উপহার

ইবি প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৫১, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের সকল হলের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে প্রতিটি হলের রিডিং রুমে বাংলা তরজমাসহ পবিত্র কুরআন শরিফ উপহার হিসেবে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (৯ মার্চ) আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রথমে সাদ্দাম হোসেন হল পরিদর্শন করেন। এরপর তিনি একে একে অন্যান্য সব আবাসিক হলে যান এবং শিক্ষার্থীদের ইফতার আয়োজনের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপাচার্য ইসলামিক ফাউন্ডেশনের সৌজন্যে প্রাপ্ত বাংলা তরজমাসহ পবিত্র কুরআন শরিফ প্রত্যেক হল প্রভোস্টের হাতে তুলে দেন, যা স্ব-স্ব হলের রিডিং রুমে শিক্ষার্থীদের পড়ার জন্য রাখা হবে।

আসরের পর থেকেই প্রতিটি হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা নির্ধারিত টোকেন প্রদর্শন করে ইফতার সংগ্রহ শুরু করেন। শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

ইফতার আয়োজন সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখানে আমাদের জন্য ভালো খাবারের আয়োজন করা হয়েছে। আমাদের ক্যাম্পাসে প্রতিবছরই আয়োজন করা হয়। সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে এটাই প্রত্যাশা।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ খালেদা জিয়া হলে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়