বিশ্বকাপ ফাইনাল দেখতে বের হয়ে আর ফেরা হয়নি; হত্যার অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

নিজস্ব প্রতিবেদক | সাতক্ষীরা || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:০৬, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা সদর উপজেলার একটি মাছের ঘের থেকে সুমন হোসেন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার কৈখালী গ্রামের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতের সদস্য, ইসলামী বক্তা ও দল-সমর্থিত লাবসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আব্দুল হামিদ বলেন, রাতে খেলা দেখতে বের হওয়ার পর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে খবর পাই, মাছের ঘেরের মধ্যে তার মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিল।

মাওলানা মনোয়ার হোসেন দাবি করেন, ঘটনাস্থলের আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তিনি বলেন, সুমনকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পোশাক খুলে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়