ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধা আয়েশা বেগম হত্যা: খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাংবাদিক সাকিবুল হাসান শুভ বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৭, রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধা মোসাম্মৎ আয়েশা বেগমকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জারুইলতলা রেলগেট এলাকায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, মাদকের টাকার জন্য ৮০ বছর বয়সী আয়েশা বেগমকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে হত্যার আলামত গোপন করতে তাঁর মরদেহ বস্তাবন্দী করে একটি ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত ইমাম হুসাইন তামজিদ খানের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যেতে পারে। তাই তারা দ্রুত তদন্ত শেষ করে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’, ‘খুনির ফাঁসি চাই’ এবং ‘বৃদ্ধা হত্যার বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে তারা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়