দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দেশের চার বিভাগের কয়েকটি নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দ্রুত বাড়তে পারে। এতে ১৫ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি প্রায় তিন দিন স্থায়ী হতে পারে। এরপর শনিবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটারের বেশি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে দেশের প্রধান নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ উজান এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব বাংলাদেশের নদ-নদীতেও পড়তে পারে।
এ ছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পাশাপাশি সুরমা, কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।