বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা চাইলেন জামায়াত এমপি
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
সরকার থেকে বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি মু. মিজানুর রহমান।
বুধবার ১৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে হওয়া সংসদ অধিবেশনে এ দাবি করেন তিনি।
এমপি মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও পাস হয়েছে এই সংসদে। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা-দরজার পর্দাগুলো এখনো ঝোলানো হয়নি।’
তিনি বলেন, ‘আমরা শুনেছিলাম, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’
২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি শুধু বড় নয়, এর ঘাটতির অঙ্কটিও নিঃসন্দেহে অনেক বড় বলে উল্লেখ করেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘এই ঘাটতি পূরণে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। সরকার যদি বিদেশি, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে পারে, এটা কিছুটা ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কমে গেছে।’
‘দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হলে, এমনিতেই ব্যাংকগুলোয় ঋণখেলাপি বৃদ্ধি পেয়েছে, ব্যাংক খাত দেউলিয়া হয়ে যেতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেন এই এমপি।