যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে ইরানের নতুন বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:০৮, শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার কথা বলেছেন, তা বাস্তবতার সঙ্গে মিল নেই বলে জানিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন ইসমাইল বাঘাই। তিনি জানান, আলোচনার খসড়ার বেশির ভাগ অংশে অগ্রগতি হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।

ইসমাইল বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, আলোচনার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নতুন নতুন শর্ত ও অতিরিক্ত দাবি যোগ করছে, যা চুক্তি সম্পন্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও কাতার বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

এর আগে হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার নথিপত্র প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা হতে পারে। তিনি দাবি করেন, ইরানও এই চুক্তি চায় এবং চুক্তি সম্পন্ন হলে আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ট্রাম্প আরও বলেন, তিনি নিজে উপস্থিত না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নেবেন। তার দাবি, চুক্তি স্বাক্ষরিত হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও পুরোপুরি উন্মুক্ত হবে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। ফলে এ অঞ্চলের পরিস্থিতি বিশ্ববাজারে তেল ও জ্বালানির দামের ওপর সরাসরি প্রভাব ফেলে।

এদিকে কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের টেলিফোনে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দোহা। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় চলমান চুক্তি প্রচেষ্টার অগ্রগতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় নিয়ে মতবিনিময় হয়েছে।

কাতার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে।

তবে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য থাকায় সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। একদিকে ওয়াশিংটন চুক্তিকে প্রায় চূড়ান্ত বলে দাবি করছে, অন্যদিকে তেহরান বলছে আলোচনায় এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

সূত্র: রয়টার্স


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়