যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) বা ভবিষ্যৎ কোনো চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে না যেতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তা অবশ্যই রক্ষা করতে হবে। কোনো অজুহাত, কোনো শর্ত বা কোনো ব্যাখ্যার সুযোগ নেই।’
চলমান আলোচনা প্রসঙ্গে গালিবাফ আরও লেখেন, ‘সামনের সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে এর বাইরে আর কোনো পথ নেই। যেমন বপন করবে, তেমনই ফল পাবে।’
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের কাঠামো তুলে ধরেন। তিনি বলেন, এই সমঝোতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বিস্তৃত একটি চুক্তির পথ তৈরি করতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে। দুই দেশ সমঝোতা চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।
প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।