ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর

মোঃ রিপন মিয়া স্টাফ রিপোর্ট : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৫, শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো অসহায় নূরুল আমিনকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে নূরুল আমিনের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর হস্তান্তর করা হয়।

দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের অবসান ঘটিয়ে নতুন এই ঘর তার পরিবারে এনে দিয়েছে স্বস্তি, নিরাপত্তা ও নতুন আশার আলো।

জানা যায়, গত ২১ মে পবিত্র ঈদুল আজহার আগে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রশিদ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম পেজে নূরুল আমিনের জীবনসংগ্রামের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি মানবিক সহায়তার আহ্বান জানিয়ে বলেন, “হয় নগদ ১০ টাকা, নয়তো ভিডিওটি শেয়ার করুন। কেউ সাহায্য না করলে ভিক্ষা করে হলেও নূরুল আমিনকে একটি ঘর উপহার দেব।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে। তিনি নূরুল আমিনের জন্য একটি নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী অল্প সময়ের মধ্যেই ঘর নির্মাণের কাজ সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূরুল আমিন জীবিকার তাগিদে ঢাকার একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। ২০২১ সালে কর্মরত অবস্থায় ভয়াবহ বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর দীর্ঘ প্রায় এক বছর চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে কর্মক্ষমতা হারিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছিলেন।

পরিবারের এমন দুঃসময়ে তার সহোদর ছোট ভাই শামীম মিয়া সাধ্যমতো বড় ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও তিনি নিয়মিত সহযোগিতা করে আসছেন, যাতে পরিবারের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়। স্থানীয়রা জানান, শামীম মিয়ার আন্তরিকতা ও দায়িত্ববোধ নূরুল আমিনের পরিবারকে কঠিন সময় পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নূরুল আমিন বলেন, “আমি কখনো ভাবিনি আমার মতো একজন অসহায় মানুষের জন্য কেউ এভাবে এগিয়ে আসবেন। মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সাংবাদিক আব্দুর রশিদের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ আমার সন্তানদের মাথা গোঁজার নিরাপদ একটি আশ্রয় হয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”

কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম বলেন, “সাংবাদিকতার অন্যতম দায়িত্ব হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরা। সহকর্মী আব্দুর রশিদ নূরুল আমিনের মানবিক সংকটকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন বদলে যেতে পারে।”

তিনি আরও বলেন, “একজন সাংবাদিকের মানবিক উদ্যোগ এবং একজন জনপ্রতিনিধির আন্তরিক সহযোগিতার মাধ্যমে একটি অসহায় পরিবার নতুন জীবন ফিরে পেয়েছে। এটি সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।”

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ আর নাজিম, জহিরুল ইসলাম, মো. সোলেমান হক, ইমাম ও হাফেজ মাওলানা এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের মতে, একটি ভিডিও থেকে শুরু হওয়া মানবিক উদ্যোগ আজ একটি অসহায় পরিবারের জীবনে নতুন স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। মানবতার এই দৃষ্টান্ত সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে এবং প্রমাণ করেছে—মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়