সাতক্ষীরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে, উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী-২০২৬।
রোববার (১৪ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) রিপন বিশ্বাস এবং সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর। তিনি জেলা পর্যায়ের বাছাই ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং সম্ভাবনাময় উদ্যোক্তা ধারণা উপস্থাপন করছেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে পরিবেশ সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সৃজনশীল সমাধান তুলে ধরা হয়েছে।
অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান প্রজন্মের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী উদ্যোগই স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামনস্কতা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচির আয়োজন করেছে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এবং বাস্তবায়ন করছে জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা।