যশোরে এক ব্যবসায়ীর বাড়ির টিনের বেড়া কেটে স্বর্নালঙ্কার ও নগদ টাকা সহ পৌনে ২ লক্ষ টাকার মালামাল চুরি
উত্তম কুমার( যশোর) || বিএমএফ টেলিভিশন
যশোর শহরের বকচর কবরস্থান রোড এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দিনের আলোতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা বাড়ির পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: রাকিবুল ইসলাম (২৫) বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযোগ সূত্রে জানা যায়, বকচর কবরস্থান রোডের বাসিন্দা ও কালীবাড়ি মার্কেটের ব্যবসায়ী রাকিবুল ইসলামের নানি অসুস্থ থাকায় তার মা কয়েকদিন ধরে বাইরে ছিলেন। গত ৯ জুন (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১:৪০ ঘটিকায় রাকিবুলের স্ত্রী মোছা: নাদিয়া খাতুন (২০) বাড়ির গোসলখানায় যান। দুপুর ২:৩০ ঘটিকার দিকে গোসল ও ঘরের অন্যান্য কাজ শেষ করে তিনি শয়নকক্ষে প্রবেশ করতেই চুরির বিষয়টি টের পান।
তিনি দেখতে পান, ঘরের ভেতরের আসবাবপত্র ও আলমারির জিনিসপত্র এলোমেলো ছড়ানো-ছিটানো এবং আলমারির তালা ভাঙা। চোরেরা আলমারিতে থাকা একটি স্টিলের কৌটা থেকে ১০ আনা ওজনের ২ জোড়া সোনার কানের দুল (যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা) এবং ড্রয়ারে থাকা নগদ ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা চুরি করে নিয়ে চম্পট দেয়।
ধারণা করা হচ্ছে, দুপুর ১:৪০ থেকে ২:৩০ মিনিটের মধ্যবর্তী সময়ে বাড়ির পুরুষ সদস্যরা ব্যবসায়িক কাজে বাইরে থাকা এবং গৃহবধূ গোসলখানায় থাকার সুযোগে চোর চক্র এই ঘটনা ঘটায়। চোরেরা বাড়ির পেছনের পাশের টিনের প্রাচীর (বেড়া) কেটে ফাঁকা জায়গা তৈরি করে এবং ভেতরে প্রবেশ করে চুরির পর নির্বিঘ্নে পালিয়ে যায়।
চুরির ঘটনার পর ভুক্তভোগী পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানান এবং চোর শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় লিখিত অভিযোগ জমা দেন।
বাদীর এজহারে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলের আশেপাশের রাস্তায় স্থাপিত সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করা সম্ভব হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।