বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩০, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও রাশিয়া। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুই দেশ। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান সের্গেই ল্যাভরভ। পাশাপাশি তিনি তার দায়িত্ব পালনে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা স্মরণ করে বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. খলিলুর রহমান। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করেন।

যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়