কুষ্টিয়ার ভেড়ামারায় হিসনা নদী খনন নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ
মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ভেড়ামারা, কুষ্টিয়া: হিসনা নদী খনন প্রকল্পে স্বজনপ্রীতি ও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নদী রক্ষা আইন উপেক্ষা করে অনেক প্রভাবশালী ব্যক্তি নদীর তীরে অট্টালিকা নির্মাণ করেছেন। এসব অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবন ও অবৈধ অবকাঠামো খননযন্ত্রের চলাচল ও মাটি অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অভিযোগ উঠেছে, অনেক জায়গায় নদীর প্রাকৃতিক প্রবাহও বাধাগ্রস্ত হয়ে পড়েছে।
এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, নদী খননের পাশাপাশি অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করতে হবে। তাঁরা বলেন,“নিয়ম মেনে খনন না করলে নদী শুকিয়ে যাবে এবং এলাকার পরিবেশ ও কৃষি ক্ষতিগ্রস্ত হবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের আহ্বান— নদী রক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ সহ প্রভাবশালীদের অবৈধ নির্মাণ উচ্ছেদ করে স্বচ্ছভাবে খনন কাজ সম্পন্ন করা হোক।