সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:০৪, সোমবার, ৮ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

শনিবার (৭ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির একটি দল কেড়াগাছি এলাকা থেকে ৭ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের একই ধরনের পণ্য আটক করে।

এছাড়া মাদরা বিওপির দুটি পৃথক দল উত্তর ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। অপরদিকে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল হিজলদী এলাকা থেকে ২ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত মালামালের মোট মূল্য ১৯ লাখ ২৮ হাজার টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক, কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়