দৌলতপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মোঃ মিজানুররহমান, দৌলতপুর (মানিকগঞ্জ): || বিএমএফ টেলিভিশন
মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১ লা জুন) রাত ১২:০৫ ঘটিকায় উপজেলার চকমিরপুর সাকিনস্থ চেয়ারম্যান বাড়ীর মোড়ের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চকমিরপুর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (১৯) এবং একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০১ জুন) রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু রায়হান সংগীয় ফোর্সসহ এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করছিলেন। রাত ১১:৫৫ ঘটিকার সময় দৌলতপুর বাজার এলাকায় অবস্থানকালে তারা গোপন সংবাদ পান যে, চকমিরপুর চেয়ারম্যান বাড়ীর মোড়ে পাকা রাস্তার ওপর দুজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাদের হাতেনাতে ধৃত করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি করে নুরুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম এবং নীরব হোসেনের পকেট থেকে ৫০ গ্রামসহ সর্বমোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৪,০০০ টাকা। রাত ১২:২০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
এই ঘটনায় এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন ।