জঙ্গল সলিমপুরে পথসভায় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন চট্টগ্রাম পুলিশ সুপার
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
নাঈম আহমেদ কপিল চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ।
সভায় পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে জঙ্গল সলিমপুরের সার্বিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি গুজব, অপপ্রচার ও প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত জনসাধারণ পুলিশ সুপারকে নিজেদের মাঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের জনবান্ধব ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।