প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ বিদ্যুৎ বিভাগের

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসিকে এ অনুরোধ করে পত্র প্রেরণ করে বিদ্যুৎ বিভাগ।

পত্রে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ২০-২১ মে তারিখসমূহে গণশুনানি গ্রহণপূর্বক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফ লাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি- যা  বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। বিদ্যুৎ বিভাগ মনে করে এর ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে ফলে তাদের জীবনযাত্রার উপর বিরুপ প্রভাব পড়তে পারে। 

উল্লেখ্য, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছে। ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) এর জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ পরিপ্রেক্ষিতে পুনঃনির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) এর জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ৩ মে প্রেরিত প্রস্তাবের আলোকে পুনঃনির্ধারনের জন্য বিদ্যুৎ বিভাগ হতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)কে অনুরোধ করে পত্র প্রেরণ করা হয়েছে। আশা করা যায় বিইআরসি এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়