উচ্চ বেতনভোগী কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:২১, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার  (৩ জুন) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে উচ্চ বেতনভোগী প্রায় ৮ হাজার ফেডারেল কর্মীকে সহজে বরখাস্ত করার পথ খুলে গেছে। এটি ফেডারেল কর্মীবাহিনী পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউস ও অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে প্রকাশিত এই আদেশে বলা হয়েছে, যেসব সরকারি কর্মী বছরে প্রায় ২ লাখ ডলার পর্যন্ত আয় করেন এবং নীতিনির্ধারণে ‘প্রভাব বিস্তারকারী’ হিসেবে বিবেচিত হন, তাদের চাকরির সুরক্ষা অনেকাংশে প্রত্যাহার করা হবে।

ওপিএম-এর পরিচালক স্কট কুপর এক ব্রিফিংয়ে জানান, প্রশাসন এমন কর্মী নিয়োগ করতে চায় যারা সরকারের নির্দেশনা বাস্তবায়নে আগ্রহী ও সক্ষম। তার ভাষায়, কোনো কর্মীর রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু যদি সেই মতাদর্শ আইনসম্মত নির্দেশনা ও নীতিনির্ধারণ বাস্তবায়নে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের চাকরিচ্যুত করার সুযোগ থাকা উচিত।

এই পদক্ষেপটি ট্রাম্পের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হলো প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং তার নীতিগত এজেন্ডার বিরোধী বলে বিবেচিত সরকারি কর্মীদের নিয়ন্ত্রণে আনা। 

বিশ্লেষকদের মতে, এই নীতির মাধ্যমে ট্রাম্প তার প্রথম মেয়াদে যেসব ‘ক্যারিয়ার আমলা’ তার নীতির বিরোধিতা করেছিলেন, তাদের ওপর চাপ আরও বাড়াচ্ছেন।

তবে প্রশাসনিক সূত্র জানিয়েছে, শুরুতে এই নীতির আওতায় সর্বোচ্চ ৫০ হাজার কর্মী আসতে পারতেন বলে ধারণা করা হলেও আপাতত প্রায় ৮ হাজার কর্মী এতে অন্তর্ভুক্ত থাকছেন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হতে পারে, যদিও এখনই এমন কোনো পরিকল্পনা নেই।

অন্যদিকে, ফেডারেল কর্মী ইউনিয়নগুলো জানুয়ারিতেই এই নীতির বিরুদ্ধে মামলা করেছে। আদালত আপাতত মামলাটি স্থগিত রেখেছে, কারণ ট্রাম্প প্রশাসন তখনো চূড়ান্ত পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করছিল।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়