পানি সংকট মোকাবিলায় একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৪৫, মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শুষ্ক মৌসুমে পানি সংকট নিরসন, নদী ব্যবস্থার পুনরুজ্জীবন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষি ব্যবস্থার উন্নয়নে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পথে এগোচ্ছে সরকার। আগামী ১৩ মে অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।

প্রকল্পের আওতায় পদ্মা নদীতে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন নদী ব্যবস্থায় শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। একই সঙ্গে সেচ, সুপেয় পানি সরবরাহ, নদী পুনরুদ্ধার এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজ, ৭৮টি স্পিলওয়ে, নেভিগেশন লক, ফিস পাস এবং নদী শাসন অবকাঠামো নির্মাণ করা হবে। এছাড়া গড়াই, চন্দনা ও হিসনা নদী ব্যবস্থার উন্নয়নে ড্রেজিং ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, পাবনা, রাজশাহী ও বরিশাল অঞ্চলের প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বছরে প্রায় ২৩ লাখ ৯০ হাজার টন ধান ও ২ লাখ ৩৪ হাজার টন মৎস্য উৎপাদন বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হয়েছে।

প্রকল্প থেকে প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যারেজের করিডর ব্যবহার করে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও গ্যাস পাইপলাইন স্থাপনের সুযোগ তৈরি হবে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রথম ধাপে ব্যয় প্রস্তাব করা হয়েছে প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকে পদ্মা-গঙ্গা নদী ব্যবস্থায় পানিপ্রবাহ কমে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা ও পানি সংকট বেড়েছে। এ অবস্থায় পদ্মা ব্যারেজ প্রকল্প দেশের পানি নিরাপত্তা, খাদ্য উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবারের একনেক সভায় পদ্মা ব্যারাজ নির্মাণসহ ১৬টি প্রকল্প উপস্থাপনের কথা আছে। নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়