ভারতীয় ভিসা চালু নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও চালু করতে সম্মত হয়েছে ভারত। আগামী সপ্তাহ থেকেই এই ভিসা কার্যক্রম চালু হতে পারে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় ভারতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ফলপ্রসূ বলেও মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ভালো মানসিকতা থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে আরও অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।