কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিপন জনপ্রিয়তার শীর্ষে
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: || বিএমএফ টেলিভিশন
দীর্ঘ প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শহিদুজ্জামান শিপন।
তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। স্থানীয়দের দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে শিপন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত শিপন দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করে আসছেন। দলের কঠিন সময়ে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।
নেতাকর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় তিনি দলীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে একাধিক মামলার শিকার হয়ে কারাবরণ করলেও তিনি কখনো রাজপথ ছাড়েননি।
সাধারণ ভোটারদের অনেকেই মনে করেন, একজন সাহসী, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে শিপনই হতে পারেন কুষ্টিয়া সদর উপজেলার উন্নয়নের উপযুক্ত প্রতিনিধি। স্থানীয় একাধিক ভোটার বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন। শিপন সেই প্রত্যাশা পূরণে সক্ষম।”
যুবসমাজের মধ্যেও শিপনের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। তরুণদের সংগঠিত করা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে যেসব সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে শিপনের অবস্থান বেশ শক্তিশালী। তৃণমূলের সমর্থন, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা তাকে এগিয়ে রাখছে।
সবমিলিয়ে, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মোহাম্মদ শহিদুজ্জামান শিপনকে নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এখন দেখার বিষয়, নির্বাচনের মাধ্যমে সেই জনপ্রত্যাশা কতটা প্রতিফলিত হয়।