শ্যামনগরে নদীর চরে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব দুর্গাবাটি হুলায় নদীর চরে নির্বিচারে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলার বিভিন্ন পরিবেশবাদী সংস্থার স্বেচ্ছাসেবীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে থাকা হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করত—নদীভাঙন রোধ, ঝড়-জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল ছিল এগুলো।
বক্তারা আরও বলেন, মানুষের লোভ ও অবহেলায় ধ্বংস হচ্ছে এই সবুজ বনভূমি। এটি শুধু গাছ কাটা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা বিপন্ন করার শামিল। এভাবে গাছ নিধন চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে, বাড়তে পারে নদীভাঙন এবং ধ্বংস হতে পারে জীববৈচিত্র্য।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়—অবিলম্বে গাছ নিধন বন্ধ করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
বক্তারা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এখনই সময় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার।
সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, বুড়িগোয়ালিনী ইউনিয়নের টিম লিডার শাহিন হোসেন, ‘ইয়ুথ ফর সুন্দরবন’ এর মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানা সহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও’র সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান।