সমন্বয় সভায় রেমিট্যান্স ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ফেনী প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০৮, সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে রেমিট্যান্স ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ ২০২৬ তারিখে ৯ নং নবাবপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয় “সফল” প্রকল্পের উদ্যোগে। সভাটি বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এবং অর্থায়ন করে United Nations Capital Development Fund (UNCDF) ও Swiss Agency for Development and Cooperation (SDC)।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন চেয়ারম্যানের প্রতিনিধি একরামুল হক কিশোর, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউএনসিডিএফ-এর প্রতিনিধি হারুন অর রশিদ মামুন, প্রকল্প কর্মকর্তা আব্দুর রহিম ও সাফা সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা।

এ সময় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আদর্শ প্রাণী সেবা, ডেমো, টিটিসি, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেমিট্যান্সকে সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে প্রবাসী পরিবারগুলো অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এ জন্য প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রবাসী পরিবারগুলোকে টেকসই আয়ের উৎসের সাথে যুক্ত করা সম্ভব হবে। এ ধরনের সমন্বয় সভা ভবিষ্যতে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ পরিকল্পনা এবং প্রবাসী পরিবারের জন্য সম্ভাব্য সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়