কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মো: রিপন মিয়া স্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে ২য় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ব্যারিস্টার কায়সার কামাল, মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য।
কলমাকান্দা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এবং ব্যারিস্টার কায়সার কামাল এমপির সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র রমজান উপলক্ষে চারদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে কলমাকান্দা জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করা হয়।
কয়েকদিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও আজান পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি যাইনুল আবেদীন। অনুষ্ঠানে আয়োজক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।
প্রথম স্থান অধিকারীদের দেওয়া হয় একটি করে বাইসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ডিনার সেট এবং তৃতীয় স্থান অধিকারীদের নরমাল ডিনার সেট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানবজীবনের সর্বক্ষেত্রে নৈতিকতা, মানবতা ও শান্তির বার্তা বহন করে। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের কণ্ঠে যখন কুরআনের সুমধুর তিলাওয়াত ধ্বনিত হয়, তখন সমাজে জাগে নৈতিকতার নতুন প্রত্যয়। এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।