৮ম দিনে সংঘাত, ইরানে প্রাণহানি ১৩০০ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
টানা অষ্টম দিনে গড়িয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টাপাল্টি সংঘাত। এক সপ্তাহে ইরানের অন্তত তিন হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানে প্রাণহানির সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে।
হামলার প্রধান লক্ষ্য বস্তু হয়ে উঠেছে ইরান ও লেবাননের বেসামরিক এলাকা। ইসরাইলের বড় ধরনের মিসাইল আঘাত হেনেছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে সাধারণ বাসিন্দারা। ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আত্মসমপর্ণের আগে ইরানের সাথে কোনো আলোচনায় যাবে না ওয়াশিংটন।
সৌদি আরবকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাজ্য। এছাড়া সৌদি আরবের নিরাপত্তা নিয়ে আবারও আলোচনা করেছে পাকিস্তান। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া, এমন খবরের প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলছেন, যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজাচ্ছে।
এদিকে, আরেক দফায় ইসরাইল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইনে আঘাত হেনেছে তেহরানের একাধিক মিসাইল। তবে সেগুলো ভূপাতিত করার দাবি দেশগুলোর।
অন্যদিকে, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করবে না ইরান, তবে এ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না।