ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলার তিন আসামি সাময়িক বরখাস্ত

‎ইবি প্রতিনিধি  || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩০, শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সমায়িকভাবে বরখাস্ত করা হয়েছে মামলার তিনজন আসামিকে।

‎‎শনিবার (৭মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়। সাময়িক বরখাস্ত হওয়া আসামিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও মো. হাবিবুর রহমান এবং বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মু'মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

‎‎বিজ্ঞপ্তি হতে জানা যায়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে উপরোক্ত আসামিদের নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকুরী শৃঙ্খলা বিধির 15(b) ধারা অনুযায়ী তাদেরকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন।

‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, একজন কর্মকর্তা ও ২ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের পার্ট হতে পারে না। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটিও গঠন করেছেন।

‎‎প্রসঙ্গত, গত বুধবার (৪ মার্চ) আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বলে জানান চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। পরে গতকাল ওই শিক্ষিকার জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে তার স্বামী ফজলুকে প্রধান আসামিসহ বাকি তিনজনকে আসামি অর্থাৎ মোট চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আইসিইউতে চিকিৎসাধীন ফজলুকে ইতিমধ্যে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়