ইরানে ইসরায়েলের লাগাতার হামলা, যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:০০, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইরানের রাজধানীসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলার সঙ্গে যোগ দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্রও। এমনটি জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে সমন্বিতভাবে চালিয়েছে।

এরই ধারাবাহিকতায় ইসরায়েলের হামলার পর নিরাপত্তা সতর্কতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সব কর্মীর জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিজ নিজ স্থানে নিরাপদে থাকার পরামর্শ দিয়া হয়েছে।

আল জাজিরা বলছে, ইরানের রাজধানীসহ বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমটির এক সংবাদদাতা জানান, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে জানা যায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি পশ্চিম তেহরানে অবস্থানরত আল জাজিরার সংবাদদাতা দুটি পৃথক বোমা বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন।

এমন পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনার কথা মাথায় রেখে জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা জারি করা হয়েছে।

পৃথক আরেক বিবৃতিতে ইসরায়েল জানায়, জরুরি সেবামূলক কার্যক্রম ছাড়া দেশের সব এলাকা কার্যত বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের আওতায় স্কুল, সব ধরনের সমাবেশ এবং প্রয়োজনীয় খাত ব্যতীত অন্যান্য কর্মক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়