আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১১, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশই যান্ত্রিক বাহু দিয়ে ধরে অবতরণের পরিকল্পনা করেছিল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। তবে সর্বশেষ পরীক্ষামূলক উড্ডয়নে সেই পরিকল্পনার প্রথম ধাপেই বাধা এসেছে। রকেটের নিচের অংশ বা সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরার চেষ্টা বাতিল করে সেটিকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। পরে সেটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়।

শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ৪৫ মিনিট) ১২৪ মিটার দীর্ঘ স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। উৎক্ষেপণের প্রায় সাড়ে ছয় মিনিট পর রকেটের নিচের অংশটি উৎক্ষেপণ টাওয়ারে ফিরিয়ে আনার কথা ছিল। এ সময় টাওয়ারে থাকা বিশেষ যান্ত্রিক বাহু দিয়ে সেটিকে ধরে ফেলার পরিকল্পনা ছিল স্পেসএক্সের। বাহুগুলো ‘চপস্টিকস’ নামে পরিচিত।

কিন্তু নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বুস্টারটিকে সমুদ্রের দিকে পাঠানো হয়। স্পেসএক্সের এক মুখপাত্র বলেন, নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন কিছু প্রযুক্তি ও কৌশল পরীক্ষা করা হচ্ছে, যা আগে এই যানগুলোতে প্রয়োগ করা হয়নি। তাই প্রতিটি পদক্ষেপ নিরাপদে সম্পন্ন করা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।

তবে রকেটের ওপরের অংশ ‘শিপ’ মহাকাশযাত্রা অব্যাহত রেখেছে। এটি স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের অংশ হিসেবে ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করছে। পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ শেষে উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিট পর এটি পৃথিবীতে ফিরে আসার কথা। তখন উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে শিপটিকে ধরার দ্বিতীয় চেষ্টা চালানো হতে পারে।

এটি হবে স্পেসএক্সের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ, প্রতিষ্ঠানটি এবারই প্রথম রকেটের দুই অংশই পুনরুদ্ধারের মাধ্যমে পুরো স্টারশিপকে পুনর্ব্যবহারযোগ্য করার সক্ষমতা যাচাই করছে। এর আগে তিনটি পরীক্ষামূলক উড্ডয়নে সুপার হেভি বুস্টারকে সফলভাবে যান্ত্রিক বাহু দিয়ে ধরতে পেরেছে প্রতিষ্ঠানটি। তবে ওপরের অংশটি সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছালেও এখন পর্যন্ত সেটিকে এভাবে ধরার চেষ্টা সফল হয়নি। প্রতিবারই সেটি সমুদ্রে অবতরণ করেছে।

স্পেসএক্স জানিয়েছে, শিপকে ধরার চেষ্টা করা হবে কি না, তা মহাকাশে অবস্থানকালে যানটির অবস্থা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে সেটিকে সমুদ্রে নামিয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে।

পুরো রকেট পুনর্ব্যবহারযোগ্য করা স্পেসএক্সের দীর্ঘদিনের লক্ষ্য। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ফ্যালকন-৯ রকেটের বুস্টার উল্লম্বভাবে অবতরণ করিয়ে নতুন ইতিহাস গড়ে। বর্তমানে ফ্যালকন-৯ বছরে শতাধিকবার উড্ডয়ন করছে। রকেটের নিচের অংশ পুনর্ব্যবহারের ফলে মহাকাশে পণ্য পাঠানোর ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে।

রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ডের মতে, পুরো রকেট পুনর্ব্যবহারযোগ্য করা গেলে মহাকাশে প্রবেশের অর্থনীতি আমূল বদলে যেতে পারে। তবে একটি সফল উড্ডয়নই এই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করবে না। বরং স্টারশিপ শুধু উড়তে পারে, সেই সক্ষমতা থেকে নিয়মিত পরিচালনার উপযোগী হওয়ার পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়