ওমান উপকূলে জ্বলন্ত কার্গো জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার করল আমিরাত

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৫, রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে আগুন লাগা একটি কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড। রোববার (৮ নভেম্বর) এক্সে এক বিবৃতিতে বাহিনীটি এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, জাহাজের ক্রুদের কাছ থেকে তারা আগুন লাগার তথ্য পান। এ সময় বিশেষায়িত বাহিনী জাহাজটির অবস্থান শনাক্ত করেন এবং জাহাজে থাকা ২২ জন ক্রুয়ের সবাইকে উদ্ধার করেন। এই ক্রুদের সবাই আরবীয় বলে জানিয়েছে আমিরাতের ন্যাশনাল গার্ড।

বিবৃতিতে ন্যাশনাল গার্ড আরও জানিয়েছে, উদ্ধারকৃত ক্রুদের সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তাদের।

তবে কার্গো জাহাজটিতে কীভাবে আগুন লাগল সেটির কারণ উল্লেখ করেনি আমিরাতের ন্যাশনাল গার্ড।

আমিরাতের এমন ঘোষণার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, হরমুজ প্রণালিতে দুটি জাহাজ মাইনে আঘাত করেছে। এরপর এগুলোতে আগুন ধরে যায়।

বিপ্লবী গার্ড বলেছে, এই জাহাজগুলো তাদের অনুমোদিত রুটের বাইরে চলার চেষ্টা করছিল। এ সময় জাহাজগুলো নেভিগেশন সিস্টেম বন্ধ করা ছিল।

দুটি জাহাজের মধ্যে একটি হরমুজের পূর্ব দিকে আরেকটি প্রণালির ভেতরই মাইনে আঘাত করে বলে জানায় তারা।

গত প্রায় দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে প্রতিদিনই জাহাজ মাইনে আঘাত করার তথ্য দিচ্ছে বিপ্লবী গার্ড। তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর অভিযোগ ইরান জাহাজে মিসাইল বা ড্রোন দিয়ে সরাসরি আঘাত করছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়