বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন :
মো; রিপন মিয়া স্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অবৈধভাবে দখল হয়ে থাকা বিদ্যালয়ের সব জমি উদ্ধার করে বিদ্যালয়ের নিজস্ব জায়গায় শিক্ষার সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।
বিদ্যালয়-সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৬৬ সালে তৎকালীন মহকুমা প্রশাসনের আদেশের ভিত্তিতে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের নামে ৩ দশমিক ৯৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ১৯৮১ সালে বিদ্যালয়ের নামে ওই জমির নামজারি সম্পন্ন হয়। তবে বর্তমানে বিদ্যালয়ের দখলে রয়েছে প্রায় ২ দশমিক ৬২ একর জমি। বাকি প্রায় ১ দশমিক ৩১ একর জমি রঞ্জমোহন দত্ত গং-এর ব্যক্তিদের দখলে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, একসময় বিদ্যালয়ের কাছ থেকে ভাড়া নিয়ে দখলকৃত জায়গায় বিভিন্ন ব্যক্তি ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতেন। পরবর্তীতে কথিত কাগজপত্রের মাধ্যমে ওই জায়গা নিজেদের দখলে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
এ ছাড়া বিদ্যালয়ের নামে ছাত্রাবাস নির্মাণের জন্য নির্ধারিত জায়গার একটি অংশও দখল হয়ে আছে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, ওই জায়গাটি তৎকালীন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আমার হোসেন আজাদের নামে বন্দোবস্ত নেওয়ার মাধ্যমে দখল করা হয়েছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমি দখল হয়ে থাকলে সেখানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। বিদ্যালয়ের জমি সঠিকভাবে চিহ্নিত করে সরকারি রেকর্ড ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে দখলমুক্ত করা জরুরি।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত ও নামজারিকৃত সব জমি সরেজমিনে পরিমাপ করে অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। একই সঙ্গে উদ্ধার করা জায়গায় বিদ্যালয়ের অবকাঠামো, ছাত্রাবাস ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তুলে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের জমি উদ্ধার করা না হলে তারা শান্তিপূর্ণভাবে আরও কর্মসূচি পালন করবেন।