পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪২, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) শোর পার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে আরও বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছেন।  খবর দ্য ডনের

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক আস্তানা ঘিরে ফেলে। সন্ত্রাসীরা তিনটি পৃথক দলে অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়।

অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সূত্র।

অভিযান শেষে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে এবং অঞ্চল থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলবে।

এদিকে,  শোর পারের পার্বত্য এলাকায় সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা মানবতার শত্রু।  তাদের বিরুদ্ধে সফল অভিযান আমাদের নিরাপত্তা বাহিনীর দক্ষতার প্রমাণ।’

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে এবং দেশ থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

এর এক দিন আগে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাংগোভ সশস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান। কালাতে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে কোয়েটায় ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়।

কোয়েটা-করাচি জাতীয় মহাসড়কে কুন্দ উমরানি এলাকায় পাহাড়ে লুকিয়ে থাকা সশস্ত্র ব্যক্তিরা গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। এতে মন্ত্রীর নিরাপত্তায় থাকা সাত পুলিশ সদস্যসহ মোট নয়জন আহত হন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়