যাত্রাবিরতির দাবিতে যমুনা ট্রেন অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর যমুনা ট্রেনটি আটকা পড়ে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ট্রেনটি আটকে দেন আন্দোলনকারীরা। এতে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, মশাখালী রেলওয়ে স্টেশনে যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা রেলপথে অবস্থান নিয়ে ট্রেনটি আটকে দেন।
তিনি বলেন, পরে আন্দোলনকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেওয়া হলে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আন্তনগর যমুনা ট্রেনটি মশাখালী এলাকা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি চালু করা হলে এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। এ দাবিতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।