জবাবে দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী
ইছাখালী সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেল বিএসএফ,
মেহেরপুর প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর কিছুক্ষণ পর সীমান্ত এলাকায় কাজ করা দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে আব্দুল মান্নান (৭০)।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের বাড়ির পাশে ঝালের জমিতে কীটনাশক দিতে যান তার দাদা। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এদিকে, আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে ধরে আনেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই কৃষক সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এশিয়া পোস্টকে বলেন, ‘বিষয়টি তেমন বড় কিছু নয়। ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুইজন ভারতীয়কে ধরে আনা হয়েছে। অতি দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।’