আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১৩, বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে ওই গার্মেন্টের একটি ফেব্রিক্স গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনে গোডাউনের বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আশপাশের চারটি ফায়ার স্টেশন থেকে আরও আটটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে বিপুল পরিমাণ ফেব্রিক্স ও দাহ্য কেমিক্যাল জাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পর সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুনের ভেতরে লুকিয়ে থাকা তাপ বা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে নিশ্চিত হওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তদন্ত শেষে আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়