সরিষাবাড়ীতে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৫, বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কৃষি উৎপাদন বাড়ানো এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বুধবার (১ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষি খাতে সরকারের ধারাবাহিক সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করবে।

কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এই কার্যক্রম কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। এতে চলতি আমন মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়