জালালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, বাসচালক পলাতক
জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানাধীন সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সোমবার (৪ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৫ থেকে ৭ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০), পিতা—হাসিম, গ্রাম—তাহেরপুর, সুনামগঞ্জ নিহত হন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত ৫ থেকে ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন।
সিএনজি ও হানিফ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।