জয়ের দ্বারপ্রান্তে বিজেপি, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২১, সোমবার, ৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যেতেই দিল্লি থেকে কলকাতা—সর্বত্র এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? নির্বাচনী ফলাফলের প্রাথমিক আভাসে গেরুয়া শিবিরের পাল্লা ভারী হতেই এই জল্পনা তীব্র হয়েছে। 

দলের অভ্যন্তরে এবং রাজনৈতিক মহলে আপাতত বেশ কয়েকটি নাম নিয়ে জোর চর্চা চলছে, যার মধ্যে সবার আগে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম।

অধিকাংশের মতে, শুভেন্দু অধিকারীই বর্তমানে এই পদের জন্য সবচেয়ে বড় দাবিদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে খোদ মুখ্যমন্ত্রীকে পরাজিত করে তিনি নিজের রাজনৈতিক শক্তির প্রমাণ দিয়েছিলেন।

 গত পাঁচ বছর বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তার লড়াকু ভূমিকা তাকে বাংলার রাজনীতিতে বিজেপির সবচেয়ে চেনা মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তবে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দু অধিকারী একা নন। আরএসএস-এর ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক শমীক ভট্টাচার্যের নামটিও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। পাশাপাশি, বাঙালি ‘ভদ্রলোক’ ইমেজ ও বুদ্ধিজীবী মহলে গ্রহণযোগ্যতার কারণে প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্তকেও অনেকে সম্ভাব্য তালিকায় রাখছেন। 

দৌড়ে পিছিয়ে নেই দিলীপ ঘোষও, যার নেতৃত্বে ২০১৬ সালে মাত্র ৩টি বিধানসভা আসন থেকে শুরু করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসনে জয়লাভ করে বিজেপি বাংলায় অভাবনীয় উত্থান ঘটিয়েছিল। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার মাথায় ওঠে বাংলার মসনদ।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়