হচ্ছে না দ্বিতীয় দফা আলোচনা, পাকিস্তানে যাচ্ছে না ইরান 

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৪৭, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিচ্ছে না ইরান। ট্রাম্প গতকাল রবিবার (১৯ এপ্রিল) জানান, ইরানিদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় আলোচনা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।’

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি, তারা এটি গ্রহণ করবে। কারণ তারা যদি তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে।’

তবে ইরানি সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি রবিবার রাতে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে জানায়, ‘ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এ মুহূর্তে ইরানের নেই।’

এর আগে বার্তাসংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ ‘অজ্ঞাত’ সূত্রের বরাতে জানায় ‘(আলোচনার ক্ষেত্রে) সার্বিক পরিস্থিতিকে খুব একটা ইতিবাচক হিসেবে মূল্যায়নের সুযোগ নেই।’

সূত্রগুলো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ-অবরোধ তুলতে হবে। এটি তাদের পূর্বশর্ত।

এসবের মধ্যে রবিবার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। তেহরান সতর্কতা দিয়েছে, তারা এর পাল্টা জবাব দেবে। -সূত্র: দ্য গার্ডিয়ান।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়