উইজডেনের বর্ষসেরা হলেন স্টার্ক ও দীপ্তি
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
নারী ক্রিকেটে আন্তর্জাতিক আসরে এতদিন বড় সাফল্য পায়নি ভারত। হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানারা একাধিকবার চেষ্টা করেও আইসিসি বিশ্বকাপ জিততে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনবার ফাইনালে উঠেও ব্যর্থ হয় তারা।
তবে সেই হতাশা কাটে গত বছর। ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ভারত। মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করেন দীপ্তি শর্মা—ব্যাট হাতে করেন ৫৮ রান এবং বল হাতে নেন ৫টি উইকেট।
পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ খেলেন এই অফস্পিনার, যার ফলে তিনি টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন। বিশ্বকাপে ২১৫ রান ও ২২ উইকেট নেওয়ার স্বীকৃতি হিসেবে তিনি ‘উইজডেন’-এর বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
পুরুষদের বিভাগে একই সম্মান পেয়েছেন মিচেল স্টার্ক। ২০২৫ সালে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি পেসার টেস্টে ৫৫ উইকেট নেন এবং বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েন। ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি।
স্টার্কের নেতৃত্বে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া, যেখানে তিনি একাই নেন ৩১ উইকেট। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করে বর্ষসেরা হন অভিষেক শর্মা।
এছাড়া উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় আধিপত্য দেখিয়েছে ভারত। শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও মোহাম্মদ সিরাজ জায়গা করে নিয়েছেন এই তালিকায়। এজবাস্টন টেস্টে ৪৩০ রানের অসাধারণ ইনিংস খেলে গিল ‘উইজডেন ট্রফি’ জিতেছেন। তালিকার বাকি একমাত্র বিদেশি খেলোয়াড় হাসিব হামিদ, যিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১২৫৮ রান করে নটিংহ্যামশায়ারকে শিরোপা জিতিয়েছেন।