আরব দেশগুলোকে যে প্রস্তাব দিলো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ইরান যুদ্ধের উত্তাল পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এই বার্তা দিয়েছে মস্কো। রবিবার (২৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী মস্কো। পেসকভের ভাষায়, ‘আমরা এই সম্পর্ককে গুরুত্ব দিই এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবো।’
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর জবাবে ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হয়েছে।
চলমান এই পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।