ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ডেক্স রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৩৪, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচির মাধ্যমে সর্বশক্তি নিয়ে জামায়াতে ইসলামী মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। সেসব কর্মসূচিকে প্রাণবন্ত করার জন্য আমরা সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। কাউকে ঠেকানোর জন্য নয়, ঠেকানোর দরকার পড়বে না।

শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের হলরুমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবামুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আমরা আপস করব না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে কোনো ভোটচোর, ডাকাত, ষড়যন্ত্রকারী ও ভোট ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে হাত মুষ্টিবদ্ধ করতে হবে এবং জনগণকে সংগঠিত করতে হবে। জনগণের প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, অনেকে আমাদের বলে, এই সরকারকে এভাবে আর দেশের ক্ষতি করতে কত দিন আপনারা দেবেন? আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না। শুধু জনগণ বুঝে নিক, কার কী চেহারা, কার কী চরিত্র। এটা বুঝে নেওয়া দরকার। ইতিহাস বলে, জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, তখন কোনো শক্তি ও অস্ত্র জনগণের বিরুদ্ধে কাজ করে না। এটা ভোঁতা হয়ে যায়।

বর্তমান সরকারের মধ্যে প্রচুর ফ্যাসিবাদ ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারের জন্য আলাদা দুটি ভোট হলেও ক্ষমতাসীন দল একটি মেনেছে, আরেকটি মানেনি। সরকার এ দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন সংশোধন বলে চিৎকার করে যাচ্ছে। তারাই রাজনীতিতে সংকট তৈরি করেছে। তবে এখনই আমরা সরকারকে ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। বিভাগীয় পর্যায়ে আমাদের সমাবেশ ও লংমার্চ হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের দাবিগুলো কোনো দলের নয়, আপামর জনতার। আমরা জনগণের গণভোটের দাবি আদায় করেই ছাড়ব। দাবিগুলো জনগণের ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আদায়ের।

শফিকুর রহমান বলেন, আমাদের বার্তা পরিষ্কার, কোনো অন্যায়ের কাছে মাথানত করব না এবং কোনো অন্যায়কে মাথা তুলে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন শাসক দল তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, বস্তি দখল, নেশা ও মাদকের দিকে ঠেলে দিয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের যে নির্বাচন আসছে, সেখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, যুবকদের সেই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। জামায়াতের যুব বিভাগের সভাপতি ও সহাকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামাল হোসেন, আবদুল বাতেন ও মীর আহমাদ বিন কাসেম (আরমান), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়