সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে সমাবেশ
আকাশ হোসেন || বিএমএফ টেলিভিশন
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর, বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে কর্মচারীরা তাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর, বর্তমান জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করার দাবি জানান।
এ ছাড়া অস্থায়ীভাবে কর্মরত ব্যক্তিদের নতুন নিয়োগ বন্ধ, চাকরির মেয়াদ শেষে পেনশন ও গ্র্যাচুইটিসহ সরকারি চাকরিতে প্রচলিত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
আন্দোলনকারীদের দাবি, সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেসরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের চাকরি ও আর্থিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।