প্রসূতি মৃত্যু কমাতে কুমারখালীতে যাত্রা শুরু যদুবয়রা রক্তযোদ্ধা কমিটির

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১০, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ার কুমারখালীতে ‘মানবতার জন্যে, রক্তের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে যদুবয়রা ইউনিয়ন রক্তযোদ্ধা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রসূতি মায়েদের জীবন রক্ষা ও জরুরি মুহূর্তে রক্তের সরবরাহ নিশ্চিত করাই সংগঠনটির মূল লক্ষ্য।

যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন সংগঠনটির সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খোকসা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. রিপন হোসেন।

যদুবয়রা ইউনিয়ন রক্তযোদ্ধা কমিটির সভাপতি ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. টিপু সুলতান, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান, যদুবয়রা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আতিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, প্রসূতি মায়েদের মৃত্যুঝুঁকি কমানো এবং জরুরি প্রয়োজনে রক্তের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যেই এ সংগঠন গড়ে তোলা হয়েছে। স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি এলাকার মুমূর্ষু রোগীদের প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করতেও কাজ করবে সংগঠনটি।

অনুষ্ঠানের অতিথিরা বলেন, জরুরি মুহূর্তে বিনামূল্যে রক্ত দিয়ে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো অত্যন্ত মহৎ কাজ। তরুণ ও যুবসমাজকে এ মানবিক উদ্যোগে সম্পৃক্ত করা গেলে রক্তের সংকট মোকাবিলা সহজ হবে। একই সঙ্গে প্রসূতি মা ও অন্যান্য রোগীর জরুরি চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতেও এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথি মো. রিপন হোসেন এমন একটি মানবিক সামাজিক সংগঠনকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রম আরও সম্প্রসারিত করা গেলে জরুরি সময়ে রক্তের জন্য রোগীদের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

স্থানীয়দের প্রত্যাশা, যদুবয়রা ইউনিয়ন রক্তযোদ্ধা কমিটির কার্যক্রমের মাধ্যমে এলাকায় স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বাড়বে এবং জরুরি প্রয়োজনে রক্তপ্রাপ্তি সহজ হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়