ময়মনসিংহ মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১১:০১, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়টি রোস্টার যাচাই করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি জানান, স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার বেশি টেন্ডার আহ্বান করা হবে। পাশাপাশি দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা, পাঁচ হাজার চিকিৎসক ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে।

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বেসরকারি ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, চিকিৎসক নিয়োগ এবং শয্যাসংখ্যা ১৫১টিতে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করাই এসব উদ্যোগের লক্ষ্য বলে জানান মন্ত্রী।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়