অভিযোগের মুখে প্রধান শিক্ষক আমির খসরু, তদন্তে জেলা শিক্ষা অফিস
সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে নেমেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা, পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগে অভিভাবকদের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতি শংকর রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল সোমবার (২৭ জুলাই) বিদ্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত দলে আরও ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সেলিম ও এটিও মোহাম্মদ রাকিব হাসান।
তদন্ত চলাকালে একাধিক অভিভাবক তাদের অভিযোগ তুলে ধরেন এবং লিখিত বক্তব্য জমা দেন। উপস্থিত অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন, প্রশাসনিক কার্যক্রম এবং আর্থিক বিষয়ে বিভিন্ন অনিয়ম করেছেন। তারা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অন্যত্র বদলির দাবি জানান।
তদন্ত শেষে সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রাকিব হাসান সাংবাদিকদের জানান, তদন্তে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে। এরপর কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এদিকে, উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি না হলে তারা শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করবেন।