সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৭৩ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

 সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২২, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং একটি ট্রাক জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ও ১৫ জুলাই ভোমরা, তলুইগাছা, ঘোনা ও হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করে। এর মধ্যে তলুইগাছা বিওপি ২ লাখ ৮৮ হাজার টাকা, ঘোনা বিওপি ২ লাখ ২৯ হাজার ৮০০ টাকা, হিজলদী বিওপি ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করে।

এছাড়া, ১৪ জুলাই সন্ধ্যায় ভোমরা আইসিপিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাংলাদেশি ট্রাকে বিশেষ তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৫৬টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মো. আব্দুল কুদ্দুস (৪৭) ও সহকারী চালক মো. শামীম হোসেন (২৪)-কে আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মোবাইল ডিসপ্লের মূল্য ৪ লাখ ৬৮ হাজার টাকা এবং জব্দ করা ট্রাকের মূল্য ৬০ লাখ টাকা। ট্রাকসহ এ অভিযানে মোট জব্দকৃত মালামালের মূল্য ৬৪ লাখ ৬৮ হাজার টাকা।

সব মিলিয়ে পৃথক অভিযানে ৭৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশীয় শিল্পের জন্যও হুমকি সৃষ্টি করে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়