পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৪৫, রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আবারও নিজেকে কিংবদন্তি চরিত্রের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিশু খ্রিস্টের পর এবার গ্রিক পুরাণের টাইটান ‘অ্যাটলাস’-এর আদলে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি নিয়েও বিস্তর বিতর্ক চলছে।

শনিবার (২৭ জুন) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে হাঁটু গেড়ে বসা অবস্থায় কাঁধে পুরো পৃথিবী বহন করতে দেখা যায়। তার গায়ে জড়ানো ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। ওই ছবি নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে।

ছবিটি গ্রিক পুরাণের অ্যাটলাস চরিত্রের প্রতি ইঙ্গিত করে। পুরাণ অনুযায়ী, অ্যাটলাসকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে চিরকাল নিজের কাঁধে আকাশমণ্ডল বহন করতে হয়। পরবর্তীকালে জনপ্রিয় শিল্পকর্মগুলোতে তাকে পৃথিবী কাঁধে বহন করতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প এ ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনিও যেন একাই পুরো বিশ্বের দায়িত্ব নিজের কাঁধে বহন করছেন। তবে ছবিটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন দেননি।

ছবিটি পোস্ট করা হয় এমন একদিন পর, যেদিন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে ড্রোন সংরক্ষণস্থলে হামলা চালায়। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিন ট্রাম্প আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে ২০ বছর বয়সী নিজের সঙ্গে ১৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনা করা হয়। ট্রাম্পের ছবিতে তাকে ১৯৬৪ সালে নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে সামরিক ধাঁচের পোশাকে দেখা যায়। অন্যদিকে, ওবামার ছবিতে তাকে অক্সিডেন্টাল কলেজে পড়ার সময় মুখে গাঁজার সিগারেট নিয়ে দেখা যায়।

এ ঘটনায় হোয়াইট হাউসের কাছে মন্তব্য চাইলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগেও ট্রাম্প এমন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে ঈশ্বরতুল্য চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। চলতি বছরের শুরুতে তিনি একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেন, যেখানে তাকে যিশু খ্রিস্টের মতো অসুস্থ একজন ব্যক্তিকে সুস্থ করে তুলতে দেখা যায়।

ছবিতে ট্রাম্পকে সাদা ধর্মীয় পোশাক ও লাল স্টোল পরিহিত অবস্থায় দেখানো হয়। তার হাত থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং তিনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তিকে আশীর্বাদ বা সুস্থ করে তুলছেন। পাশে একজন নার্স, এক নারী, একজন প্রবীণ সেনাসদস্য ও এক মার্কিন সেনাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। আকাশে যুদ্ধবিমান ও সৈন্যদেরও দেখানো হয়।

এই ছবি প্রকাশের পর অনেক রিপাবলিকান সমর্থকও ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, যিশুর সঙ্গে এমন তুলনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। পরে ছবিটি মুছে ফেলার পর সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প দাবি করেন, তিনি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করতে চাননি।

এবার ট্রাম্পের আরেক কাণ্ড!


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়